আইইউবিতে জাপানি চলচ্চিত্র উৎসব

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) জাপানি চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ ও জাপান দূতাবাসের উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবে মোট তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। জাপানি সাংস্কৃতির সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কেন কোমিনি তার বক্তব্যে বাংলা চলচ্চিত্র ‘হাওয়া’র প্রশংসা করেন। উপস্থিত সবাইকে জাপানের ঐতিহ্য উপভোগের আহ্বান জানান। আইইউবিতে জাপানি ভাষার কোর্স চালু হওয়ায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। এ বছর আইইউবি ক্যাম্পাসে একটি মিনি জাপানিজ ফেস্ট আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।

আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন রাজু তার বক্তব্যে বলেন, ‘জাপান বাংলাদেশের উন্নয়নের অন্যতম সহযোগী।’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিচারপতি রাধা বিনোদ পাল জাপান এবং বাংলাদেশের মাঝে সেতুবন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও ছিলেন আইইউবির উপাচার্য তানভীর হাসান, জাপান দূতাবাসের কালচারাল স্পেশালিস্ট কাজী বুশরা আহমেদ তিথি এবং আইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।