ছায়ানটে সমধারা কবিতা উৎসব

রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে সমধারা দশম কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রয়ারি) ছায়ানট সংস্কৃতি ভবনের প্রধান মিলনায়তনে ছিল এ আয়োজন। এ দিন সমধারা সাহিত্য পুরস্কার-২০২৪ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাহিত্য বিষয়ক কাগজ সমধারা প্রতি বছর সাহিত্যের বিভিন্ন শাখায় গুণীদের পুরস্কার দিয়ে থাকে। এবার সমধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন তিন গুণীজন। কথাসাহিত্যে সাংবাদিক ও লেখক বিশ্বজিৎ চৌধুরী, কবিতায় কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং শিশুসাহিত্যে বিশিষ্ট শিল্পী ধ্রুব এষ পুরস্কার গ্রহণ করেন।

কবি প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আতিথি হিসেবে ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সংগঠক ইপসার প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান।

অন্যান্যের মধ্যে ছিলেন– শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক স ম সামসুল আলম, লেখক গবেষক এএফএম মাহবুবুর রহমান, কবি ও লেখক আশফাক রহমান, কবি ও শিশুসাহিত্যিক ধনঞ্জয় সাহা, কবি নজমুল হেলাল প্রমুখ।