ক্লেমনের সঙ্গে নাজমুল হোসেন শান্তর চুক্তি সই

কোমল পানীয় ব্র্যান্ড ক্লেমনের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর একটি চুক্তি সই হয়েছে। এই সমঝোতার মাধ্যমে ক্লেমনের সব ব্র্যান্ড কমিউনিকেশন এবং অ্যাক্টিভিটির সঙ্গে সংযুক্ত থাকবেন শান্ত। বৃহস্পতিবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে শান্ত বলেন, ‘ক্লেমন ক্রিকেট একাডেমির হাত ধরে আমার ক্রিকেটের যাত্রা শুরু। আজ ক্লেমনের মতো জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ডের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে আমি আনন্দিত।’

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের  চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মাইদুল ইসলাম বলেন, ‘ক্লেমন সবসময় খেলাধুলা ও সুস্থ বিনোদনকে পৃষ্ঠপোষকতা করে আসছে। ক্লেমন বরাবরই তরুণদের জন্য খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে। ভবিষ্যতে আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত আয়োজনের মাধ্যমে তরুণ ও যুবকদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে চেষ্টা করবো। তারই ধারাবাহিকতায় নাজমুল হোসেন শান্ত ক্লেমনের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় ভবিষ্যতে দারুণ কিছু ক্যাম্পেইনের সুযোগ সৃষ্টি হবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন– ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সার এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অন্যান্য কর্মকর্তারা।