‘স্বপ্ন’ কিনলো ক্যাপসিকাম, হাসি ফুটলো কৃষকের মুখে

প্রথমবার ক্যাপসিকাম চাষ করেছেন জামালপুরের ইসলামপুরের কৃষক হৃদয় হাসান। তবে চাহিদা না থাকায় ক্যাপসিকামগুলো বিক্রি করতে পারছিলেন না তিনি। অবশেষে সুপারশপ ব্র্যান্ড ‘স্বপ্ন’ এই কৃষকের পাশে দাঁড়িয়েছে। তরুণ এই কৃষকের ক্যাপসিকামগুলো কিনেছে ‘স্বপ্ন’। রবিবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি স্বপ্ন’র একটি টিম হৃদয়ের সঙ্গে কথা বলে ২৫০ কেজি ক্যাপসিক্যাম কিনে নেয়। পরে বাকি সব ক্যাপসিক্যাম কেনার বিষয়ে কথা হয়। এখন থেকে হৃদয়ের উৎপাদিত ক্যাপসিক্যাম যাবে স্বপ্ন’র আউটলেটে।

এর আগে মার্চের প্রথম সপ্তাহে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ‘ক্যাপসিকামের ব্যাপক ফলন, বিক্রি করতে না পেরে কাঁদছেন কৃষক’ শিরোনামে খবর প্রকাশিত হয়। পরে প্রতিনিধির মাধ্যমে সেই কৃষকের সঙ্গে যোগাযোগ করে স্বপ্ন টিম।

স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘আমরা ওই কৃষকের কথা জানতে পেরেছি গণমাধ্যম সূত্রে। এরপর আমাদের টিম সেখানে যায়। তার প্রোডাক্ট আমরা এরইমধ্যে কিনে নিয়েছি। কৃষকদের এই সংকটে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে ‘স্বপ্ন’।’

এ প্রসঙ্গে স্বপ্ন’র হেড অব পার্চেজ সাজ্জাদুল হক বলেন, ‘সংকটটা ছিল ভিন্ন রকম। বিভিন্ন গণমাধ্যমে খবর দেখার পর আমরা সিদ্ধান্ত নেই যে, এই কৃষকদের পাশে আমরা দাঁড়াবো। দুঃসময়ে কষ্টে থাকা অনেক কৃষকদের পাশে ‘স্বপ্ন’ এর আগেও দাঁড়িয়েছে। সামনেও পাশে থাকবে।’

হৃদয় বলেন, ‘ক্যাপসিকামগুলো বিক্রি করতে পেয়ে ভালো লাগছে। গাছে আগে বেশি ক্যাপসিকাম ছিল। সে সময় বিক্রি না করতে পেরে অনেক ক্যাপসিকাম নষ্ট হয়েছে। আগে আমি বিক্রির জায়গা খুঁজে পাইনি। প্রতিটি গাছে তিন-চার কেজি করে ফল থাকার কথা ছিল, কিন্তু সেটা নেই। এখন প্রতি গাছে এক কেজি মতো ক্যাপসিকাম রয়েছে। সেটা বিক্রি করতে পেরে ভালো লাগছে। স্বপ্নকে ধন্যবাদ দুঃসময়ে আমার পাশে থাকার জন্য।’