কিউএস র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় এনএসইউ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৫ এ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। মঙ্গলবার (৪ জুন) প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে ৯০১-৯৫০ ব্যান্ডের মধ্যে জায়গা করে নিয়েছে এনএসইউ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ের ২১তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। সেখানে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৫০৩টি প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হয়। গবেষণা ও আবিষ্কার, কর্মসংস্থান ও ফলাফল, অভিজ্ঞতা, বৈশ্বিক সম্পৃক্ততা এবং স্থায়িত্ব এই পাঁচটি বিষয়ের ওপর ভিত্তি করে এই র‍্যাঙ্কিং করা হয়েছে। এই সংস্করণে র‍্যাঙ্কিং পদ্ধতিতে শিক্ষার্থীদের সঙ্গে প্রাসঙ্গিক কিছু বিষয় অগ্রাধিকার দেওয়া হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘এই অর্জন সবার কঠোর পরিশ্রমের ফল। সেরা হওয়ার লক্ষ্যে অবিরাম কাজ করে যাওয়ার জন্য সব শিক্ষক ও কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের প্রচেষ্টায় এই মাইলফলক অর্জন সম্ভব হয়েছে।’