বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল স্কলাসটিকার উত্তরা সিনিয়র ও মিরপুর শাখার ‘এ’ লেভেলের দুদিনব্যাপী শিক্ষা সমাপনী গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় শেষ হয়েছে। স্কুলের এসটিএম মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এ বছর মোট ২৬০ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
‘আগামীকে আলিঙ্গন’ প্রতিপাদ্যে আয়োজিত উত্তরা সিনিয়র শাখার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন র্যামন ম্যাগসেসাই পুরস্কারবিজয়ী বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী। তিনি তার বক্তৃতায় বিজ্ঞানে ক্যারিয়ার গড়ার এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
দুদিনের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তরা সিনিয়ার শাখার অধ্যক্ষ ফারাহ্ সোফিয়া আহমেদ ও মিরপুর শাখার অধ্যক্ষ নুরুন নাহার মজুমদার ও হেড অব অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স সাবিনা মুস্তফা।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রায়ীদ জামান ও সুপর্ণা হাসান এবং রাফাত ফাহমিদ ও তাসমিয়া জেসমিন হাসান।
সনদ পাওয়াদের মধ্য থেকে ১৫ জন ‘অনার’, ১৮ জন ‘হাইঅনার’ এবং ২৪ জন বিভিন্ন সাবজেক্টে অসাধারণ কৃতিত্বের সনদ লাভ করেন।
সনদ বিতরণের ফাঁকে ফাঁকে স্কুলে শিক্ষার্থীরা নাচ-গান ও আবৃত্তি সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা অনুষ্ঠান উপভোগ করেন।