ব্যবসায় প্রশাসন শিক্ষাক্ষেত্রে দক্ষতা ও অবদান রাখায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারপার্সন ড. ফারহানা ফেরদৌসী ‘টিচিং এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন। গত ২৭ থেকে ২৯ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামসের (এসিবিএসপি) বার্ষিক সভায় অধ্যাপক ফারহানা ফেরদৌসীকে এই পুরস্কার দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরস্কারের পাশাপাশি ড. ফেরদৌসীকে এসিবিএসপির (রিজিয়ন ১০) কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করা হয়েছে। রিজিয়ন ১০ এ বাংলাদেশসহ এশিয়া মহাদেশের ১৬টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।