আন্দোলনের নিহতদের স্মরণ করলো সাউথইস্ট ইউনিভার্সিটি

সাউথইস্ট ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে ছিল এ আয়োজন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের আগে নিহতদের স্মরণে নামকরণ করা চারটি হলের নামফলক উন্মোচন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দোয়া মাহফিল ও আলোচনা সভায় সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির, রবিউল ইসলাম লিমনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবাইকে স্মরণ করা হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম নিহত ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি উল্লেখ করেন, ‘দেশের জন্য শহীদদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, নিহত পরিবারের সদস্য ও সহপাঠিরা।