ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) ‘অন্তর্বর্তী সরকারের ভূমিকা: প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করে ইউএপির আইন ও মানবাধিকার বিভাগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সেমিনারে বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়েছে। এ স্বপ্নকে বাস্তব রূপ দিতে হলে অন্তর্বর্তী সরকারকে সঠিক সময়ে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে হবে।
তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এই সরকারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখবে– এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
সেমিনারে বক্তব্য রাখেন সাবেক বিচারক ইকতেদার আহমেদ, সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি মাহি উদ্দিন।
এ সময় আরও ছিলেন– ইউএপি বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক, বিওটি সদস্য আলমজেব ফরজাদ আহমেদ, ড. এম আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার আবু তাহের, কাইয়ুম রেজা চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ- উপাচার্য অধ্যাপক ড. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন প্রমুখ।