অত্যাধুনিক প্রযুক্তির নতুন এক্সব্লেড পিজিএম-এফআই বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকায় এই মোটরসাইকেল উন্মোচন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এক্সব্লেড পিজিএম-এফআইর রয়েছে ১৬০ সিসি ইউরো ৩ পিজিএম-এফআই ইঞ্জিন ও ১৪ দশমিক ৭ নিউটন মিটার টর্ক, যা দুর্দান্ত পারফর্ম্যান্সের সঙ্গে প্রতি লিটারে ৬০ কিলোমিটার মাইলেজ দেয়। এর আকর্ষণীয় ডিজাইনে আছে শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাংক, স্টাইলিশ গ্রাফিক্স এবং একটি সিগনেচার রোবো-ফেস এলইডি হেডলাইট।
এছাড়াও নিরাপত্তা ও কন্ট্রোলের জন্য এক্সব্লেড পিজিএম-এফআই তে রয়েছে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), পেটাল ডিস্ক ব্রেক, দুর্ঘটনা প্রতিরোধে আছে ব্যাংক অ্যাঙ্গেল সেন্সর এবং সাইড স্ট্যান্ড কাট-অব সুইচ, যা আরও বেশি নিরাপত্তা নিশ্চিত করে।
স্বাচ্ছন্দ্য ও আরামের পাশাপাশি মোটরসাইকেলটিতে আছে স্ট্রিট-টেক ডিজিটাল মিটার, যা রাইডারকে তথ্য প্রদর্শন করবে। আছে হ্যাজার্ড সুইচ।
নতুন এক্সব্লেড উন্মোচনের পর হোন্ডার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শিগেরু মাৎসুজাকি বলেন, ‘হোন্ডার গ্লোবাল ভিশন হলো, মানুষের জীবনের সম্ভাবনা আরও বাড়িয়ে উপভোগ্য করে তোলা। এটা সম্ভব সাশ্রয়ী ও মানসম্মত গতিশীল সমাধানের মাধ্যমে।’
তিনি উল্লেখ করেন, ‘২০১৯ সালের ডিসেম্বরে এক্সব্লেড সিরিজ চালু হওয়ার পর থেকে ৬০ হাজারের বেশি বাংলাদেশি গ্রাহক হোন্ডার ওপর আস্থা রেখেছেন।’