মেঘনা ইকোনমিক জোনের (এমইজেডএল) আওতাধীন শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিএলসির মেঘনাঘাট গ্রিড উপকেন্দ্র থেকে ২৩০ কেভি মাত্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ নিতে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।
সোমবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এবং মেঘনা ইকোনমিক জোনের মধ্যে এই চুক্তি সই হয়।
সোমবার ঢাকার খিলক্ষেতে বিআরইবির সদর দফতরে সই চুক্তিতে নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন বিআরইবির সচিব দিলরূবা শিরাজী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।
চুক্তি সই অনুষ্ঠানে বিআরইবি সদস্য (বিতরণ ও পরিচালন) মো. আবদুর রহিম মল্লিক, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শহিদুল ইসলাম, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. আনোয়ার হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী (নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির উপ-বিভাগীয় প্রকৌশলী (সিস্টেম প্ল্যানিং) মো. মামুনুর রহমান, এমজিআই পরিচালক তাসনিম মোস্তফা, উপদেষ্টা প্রকৌশলী মো. শরফুদ্দিন হোসেন, সহকারী উপদেষ্টা এ.কে.এম. মনোয়ার হোসেন আখন্দ।