আইএসইউতে ফল সেমিস্টারের নবীনবরণ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ফল-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার তাসমিয়া রহমান।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, উন্নত ক্যারিয়ার গঠনে অবশ্যই শিক্ষা জীবনে যেমন পড়াশোনা করতে হবে, তেমনই ভালো মানুষ হয়েও গড়ে উঠতে হবে। জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের সবক্ষেত্রে সেরা হতে হবে; যেন পরিবার, দেশ ও বিশ্বের জন্য অবদান রাখতে পারো। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে হবে।

ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে আইএসইউ’র যথাযথ উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য জানান, আধুনিক ক্লাসরুম, ল্যাব, মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব উন্নত পরিবেশ তৈরি ও রক্ষার জন্য আইএসইউ বদ্ধপরিকর।

ইঞ্জিনিয়ার তাসমিয়া রহমান নবীন শিক্ষার্থীদের আইএসইউ পরিবারে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজের জীবন এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে নতুন এ যাত্রায় নতুন কিছু যেমন শিখবে, তেমনই নতুন সৃষ্টিশীলতায় ও উদ্ভাবনে অগ্রগামী হতে হবে। নিজেকে গড়ার সঙ্গে সঙ্গে নিজের পরিবার ও দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমাদের কাজ, অভিজ্ঞতা ও জীবনের সুন্দর মুহূর্তগুলোই এক সময় তোমাদের অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আর ছিলেন– আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচটিএম কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক।