হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের সিএসআর প্রজেক্ট ‘প্রজেক্ট বিয়ন্ড দ্য সেম স্কাই’ সম্পন্ন

সামাজিক দায়বদ্ধতা থেকে পিছিয়ে পড়া মানুষদের জীবনে পরিবর্তন সৃষ্টির ধারাবাহিক অঙ্গীকারের অংশ হিসেবে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫-২৬ ‘প্রজেক্ট বিয়ন্ড দ্য সেম স্কাই’ শীর্ষক একটি করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) প্রজেক্ট বাস্তবায়ন করেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রজেক্টটি সম্পন্ন হয়। এই মানবিক কার্যক্রমে সহযোগিতা দিয়েছে সোয়ান গ্রুপ এবং টুয়েলভ ক্লোথিং এবং মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে ছিল বাংলা ট্রিবিউন।

এই উদ্যোগটি অনুষ্ঠিত হয় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবস্থিত বাবুডাইং গ্রামে; যা সাঁওতাল জনগোষ্ঠীর একটি প্রাচীন উপগোষ্ঠী কোল উপজাতির রাজধানী হিসেবে পরিচিত। এ কর্মসূচির অংশ হিসেবে হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব টিম পরিদর্শন করে বাবুডাইং আলোর পাঠশালা; যা সুযোগ-সুবিধার বাইরে থাকা আদিবাসী শিশুদের শিক্ষা ও যত্ন প্রদানে নিবেদিত একটি বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান।

এই মানবিক উদ্যোগের আওতায় চলমান তীব্র শীত থেকে সুরক্ষা ও স্বস্তি দিতে শিশু ও স্থানীয় কমিউনিটির সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কার্যক্রমটির সফল বাস্তবায়নে সোয়ান গ্রুপ ও টুয়েলভ ক্লোথিং গুরুত্বপূর্ণ সহায়তা দেওয়ার সঙ্গে সহযোগিতায় ছিল বাংলা ট্রিবিউন।

সিএসআর প্রকল্পটির নেতৃত্ব দেন এএইচএম মুনাইমুল আজম, হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাব ২০২৫-২৬ এর ডেপুটি টিম লিড এবং স্পেশাল আউটরিচ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান মিম।

শীতবস্ত্র বিতরণের মাধ্যমে বাবুডাইং আলোর পাঠশালার শিশুদের মাঝে স্বস্তি ও উষ্ণতার অনুভূতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তাদের মুখের হাসি ও কৃতজ্ঞতার প্রকাশ প্রমাণ করে যে ছোট ছোট মানবিক উদ্যোগও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনে অর্থবহ পরিবর্তন আনতে পারে।