বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ সফলভাবে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এই মাইলফলক উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক আয়োজন করা হয়।
বিইউবিটির প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিইউবিটির ইইই বিভাগের এই অর্জন উচ্চশিক্ষার মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিইউবিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আহমেদ আল মনসুর এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। বিইউবিটির এই অর্জন আমাদের সব শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত কঠোর পরিশ্রমের ফল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। তিনি বলেন, বিইউবিটি শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই অর্জন। বিএসি অ্যাক্রেডিটেশন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিলো এবং ভবিষ্যতে অন্যান্য বিষয়েও আমরা এই মান অর্জনে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ইইই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. মো. শামসুল আরেফিন ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. সাব্বির হাসান সোহাগকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও ছিলেন বিইউবিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেসের ডিন প্রফেসর ড. মুন্সী মাহবুবুর রহমান, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. কে আহমেদ আলম এবং ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সের প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।