বাংলা কিউআর ব্যবহারে এনআরবিসি ব্যাংকের প্রচারাভিযান

দেশজুড়ে ক্যাশলেস লেনদেন এবং বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ দিতে প্রচারাভিযান শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

রবিবার (৫ জুলাই) প্রচারাভিযানের অংশ হিসেবে রাজধানীর মতিঝিল এলাকায় একটি র‌্যালি বের করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে স্থানীয় ব্যবসায়ীদের বিল গ্রহণের সুবিধার্থে তাদের হাতে ‘বাংলা কিউআর’ তুলে দেওয়া হয়।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ‘এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘বাংলা কিউআর’ চালু করেছে। সম্পূর্ণ ক্যাশলেস এই ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেমেন্ট সিস্টেমকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করেছে।

তিনি বলেন, এনআরবিসি ব্যাংকের প্লানেট অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই বাংলা কিউআর ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারছেন। ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন দোকান ও শপিংমলে ব্যাংকটি বাংলা কিউআর সরবরাহ করছে, যাতে ব্যবসায়ীরা সহজেই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারেন।