বিশ্ব কবিতা দিবস-২০২৬ উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং রাইটার্স ওয়েব বাংলাদেশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আজম খান তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষা পরিবেশের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক, স্কুল অব ল-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রাইটার্স ওয়েব বাংলাদেশের সভাপতি আব্বাস ফারুক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. গৌরাঙ্গ মোহান্তো।
আয়োজনে বাংলাদেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকদের পাশাপাশি এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া—এই পাঁচ মহাদেশের প্রায় ১৫টি দেশের কবি, সাহিত্যিক ও গবেষকরা সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন।
এ সময় কবিতা ও প্রবন্ধ বিভাগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্যবিষয়ক আলোচনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ের মাধ্যমে কবিতার সার্বজনীন আবেদন ও সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।