লিবিয়ার বাজারে পাওয়া যাবে ওয়ালটন পণ্য

বিশ্বের ১০০টি দেশের বাজারে ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এর ধারাবাহিকতায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড নেটওয়ার্কে যুক্ত হয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া।

সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে লিবিয়ার ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান আসর আল টেকনিয়া এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. জিয়াউল আলম এবং আসর আল টেকনিয়ার ম্যানেজিং ডিরেক্টর আল সাদিক আল তাহির আল সগীর কারাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় লিবিয়ায় ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে কাজ করবে আসর আল টেকনিয়া। প্রতিষ্ঠানটি সেখানে ওয়ালটনের ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রি ও বাজারজাত করবে।

চুক্তি সই অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের ডেপুটি হেড সাইয়েদ আল ইমরান, লিবিয়ার কান্ট্রি ম্যানেজার আবদুল লতিফ প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আবদুর রউফ বলেন, উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক নকশা, টেকসই ও উচ্চমান, বিদ্যুৎ সাশ্রয়ী বৈশিষ্ট্য, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন ব্র্যান্ডের গ্রহণযোগ্যতা বাড়ছে। তিনি জানান, বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড ব্যবসা রয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হলো লিবিয়া।