গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির প্রধান কার্যালয় ও উৎপাদন কারখানা পরিদর্শন করেছে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের (এমইএস) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রযুক্তিপণ্যের উৎপাদন প্রক্রিয়া, গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং উৎপাদন সক্ষমতা ঘুরে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত এই পরিদর্শনে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এমইএসের ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান। সঙ্গে ছিলেন ডিরেক্টর, ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা ওয়ালটনের ডিসপ্লে সেন্টার, উৎপাদন কারখানা এবং গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম ঘুরে দেখেন। তারা লিফট, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটর, সৌর প্যানেল, ব্যাটারি, কেবল ও কম্প্রেসরসহ বিভিন্ন বৈদ্যুতিক, ইলেকট্রনিকস ও প্রযুক্তিপণ্যের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
এমইএসের ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল হাসান উজ জামান বলেন, ওয়ালটনের উৎপাদন সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং প্রযুক্তিগত দক্ষতা তাদের মুগ্ধ করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি। এ সক্ষমতা আরও সম্প্রসারণ এবং প্রযুক্তিগত উদ্ভাবনে এগিয়ে যাওয়ার জন্য ওয়ালটনের প্রতি প্রত্যাশা জানান তিনি।
দেশে উৎপাদিত পণ্য ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে হাসান উজ জামান বলেন, স্থানীয়ভাবে প্রয়োজনীয় পণ্য পাওয়া গেলে তারা দেশীয় পণ্যকে আগে বিবেচনা করতে চান। এ ক্ষেত্রে ওয়ালটনের নাম তাদের বিবেচনায় আসে। শিল্পায়ন, কর্মসংস্থান, স্থানীয় উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
এমইএসের ডিরেক্টর, ওয়ার্কস ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন, বাংলাদেশে বড় পরিসরে উৎপাদন সুবিধা গড়ে তোলা এবং সেখান থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা গর্বের বিষয়। ওয়ালটন আন্তর্জাতিক বাজারের চাহিদা ও সম্ভাবনা বিবেচনায় নিয়ে পণ্য নকশা ও উৎপাদন করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির পরিবেশবান্ধব উৎপাদন কার্যক্রমের প্রশংসা করেন সায়েম।
ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতাভিত্তিক দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলাকে তারা গুরুত্ব দেন। এমইএস প্রতিনিধিদলের মতামত ও পরামর্শ দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আমদানি-নির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং রপ্তানি সম্প্রসারণের মাধ্যমে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান বাড়ানো ওয়ালটনের লক্ষ্য বলে জানান মাহবুবুল আলম। এ লক্ষ্য বাস্তবায়নে পণ্যের মান, বিক্রয়োত্তর সেবা ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।
পরিদর্শনকালে ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান, হেড অব করপোরেট সেলস আহমেদ তানভীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রতীক কুমার মোদক, ওয়ালটন লিফটের সিবিও মো. মাহমুদুর রহমান এবং হেড অব অ্যাডমিন তানভীর আহাম্মদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।