দুই মাসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ

‘স্পেশাল ডিপোজিট অ্যান্ড রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ২০২৬ সালের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মাত্র ৬০ কর্মদিবসে ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ করেছে। এছাড়া একই বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত খেলাপি ঋণের বিপরীতে প্রায় ৭৬৯ কোটি টাকার নগদ অর্থ (ক্যাশ) পুনরুদ্ধার (রিকভারি) করেছে ব্যাংকটি।

ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, ‘স্পেশাল ডিপোজিট অ্যান্ড রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর সাফল্য প্রিমিয়ার ব্যাংকের সব স্তরের কর্মকর্তার সক্রিয় অংশগ্রহণ এবং গ্রাহকদের অব্যাহত আস্থার প্রতিফলন। তিনি টেকসই প্রবৃদ্ধি ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ আমানত সংগ্রহ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন ডিপোজিট ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানান।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আস্থা, উদ্ভাবনী ব্যাংকিং সেবা এবং কর্মীদের নিরলস প্রচেষ্টার সমন্বয়ে প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরা একযোগে কাজ করে যাচ্ছেন।