প্রথম বাংলাদেশি হিসেবে জাতিসংঘের ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ শেয়ারট্রিপের সাদিয়া হক 

জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (ইউএনসিটিএডি) ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দক্ষিণ এশিয়ার ‘ই-ট্রেড ফর উইমেন অ্যাডভোকেট’ হিসেবে নিয়োগ পেয়েছেন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাদিয়া হক। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক এই অনন্য দায়িত্বে ভূষিত হলেন।

জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সদর দফতরে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার এই নিয়োগ ঘোষণা করা হবে। এর আগে ভারত, মালয়েশিয়া, ফিলিপাইন, কেনিয়া, মিশর, কলম্বিয়া, সেনেগাল ও নাইজেরিয়া থেকে নারী উদ্যোক্তারা এই পদে দায়িত্ব পালন করেছেন। 

বিশ্বজুড়ে প্রযুক্তিক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী অল্প কয়েকজন সফল নারী ব্যবসায়ী নেতাকে এই উদ্যোগের আওতায় বাছাই করা হয়। এই পদের মাধ্যমে ডিজিটাল উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধ তৈরি করা হয়। নতুন এই দায়িত্বের অংশ হিসেবে সাদিয়া হক আন্তর্জাতিক নীতিনির্ধারণী সংলাপে দক্ষিণ এশিয়ার নারী-নেতৃত্বাধীন ডিজিটাল ব্যবসার প্রতিনিধিত্ব করবেন এবং আঞ্চলিক মাস্টারক্লাস ও কমিউনিটি কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। 

সম্মানজনক এই অর্জনে অনুভূতি প্রকাশ করে সাদিয়া হক বলেন, “দক্ষিণ এশিয়ার ডিজিটাল অর্থনীতি যখন নারী উদ্যোক্তাদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করছে, ঠিক এই সময়ে এই দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। একটি প্রযুক্তি ব্যবসা গড়ে তুলতে শুধু ভালো আইডিয়াই যথেষ্ট নয়— প্রয়োজন সঠিক নেটওয়ার্ক, পুঁজি, জ্ঞান এবং একটি শক্তিশালী ইকোসিস্টেম। আমি আশা করি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের অঞ্চলের নারী উদ্যোক্তাদের অভিজ্ঞতার কথা নীতিনির্ধারণী আলোচনায় তুলে ধরতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মের পথ সুগম করতে ভূমিকা রাখবো।”  

কাশেফ রহমানের সঙ্গে যৌথভাবে শেয়ারট্রিপ প্রতিষ্ঠা করেন সাদিয়া হক। তার দূরদর্শী নেতৃত্বে শেয়ারট্রিপ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো এয়ার টিকিটের স্বয়ংক্রিয় রিফান্ড, তারিখ পরিবর্তন ও বাতিলের সুবিধা চালু করে। দেশের সবচেয়ে বড় ডোমেস্টিক হোটেল ও রিসোর্ট ইনভেন্টরি গড়ে তুলে স্থানীয় শত শত পর্যটন প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো অনলাইনের আওতায় আনে শেয়ারট্রিপ।

ব্যবসা ও প্রযুক্তি খাতে অসামান্য অবদানের জন্য তিনি ২০২৩ সালে ফিলিপ কটলার অ্যাওয়ার্ডসের ‘উইমেন লিডার অব দ্য ইয়ার’, ২০২৪ সালে ‘আইসিটি উইম্যান অব দ্য ইয়ার’ এবং ২০২৫ সালে ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং উইম্যান ইন বিজনেস’ স্বীকৃতি লাভ করেন। 

উল্লেখ্য, শেয়ারট্রিপ লিমিটেড বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ট্রাভেল ও লাইফস্টাইল টেকনোলজি প্ল্যাটফর্ম, যেখানে ফ্লাইট, হোটেল, হলিডে প্যাকেজ, শপিং ও ইউটিলিটি বিল পরিশোধের সুবিধা রয়েছে। এসটি পে বাংলাদেশের প্রথম ট্রাভেল ওয়ালেট, যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত। এছাড়া সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নসুুক মাসার সিস্টেমের সঙ্গে সংযুক্ত বাংলাদেশের একমাত্র ও প্রথম অনলাইন ট্রাভেল এজেন্সি হলো শেয়ারট্রিপ, যা উমরাহ ট্রাভেল নিয়ে কাজ করে।