সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক পিএলসির চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট আগ্রাবাদ শাখার কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম অঞ্চলের কৌশলগত ব্যবসায়িক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য তৈরি, কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যৎমুখী কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা।

সম্মেলনে অনুমোদিত বাজেটের আলোকে জুন ২০২৬ পর্যন্ত ব্যাংকের ব্যবসায়িক অবস্থান ও কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয়। এতে বাজেট অর্জনের বিশ্লেষণ, খেলাপি ঋণ আদায়ের বর্তমান অবস্থা ও কৌশল, ঋণ আদায়ের পরিকল্পনা, শাখাভিত্তিক লক্ষ্যমাত্রা এবং রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে হোম লোন, পার্সোনাল লোন ও ক্রেডিট কার্ড পোর্টফোলিও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে খেলাপি ঋণ আদায়কে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়। এ লক্ষ্যে শাখা ব্যবস্থাপকদের বাস্তবসম্মত ঋণ আদায় পরিকল্পনা বাস্তবায়ন, ঋণগ্রহীতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজনে যথাযথ ও সময়োপযোগী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান সব শাখা ব্যবস্থাপককে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের মাধ্যমে কমপ্লায়েন্সভিত্তিক ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করা, গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং রিটেইল ব্যাংকিং ব্যবসা সম্প্রসারণে নতুন ও সম্ভাবনাময় গ্রাহক সেগমেন্ট চিহ্নিত করার আহ্বান জানান।

তিনি ব্যাংকের দীর্ঘমেয়াদি কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, লক্ষ্যভিত্তিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে বাজেট ঘাটতি পূরণ, খেলাপি ঋণ হ্রাস ও অনাদায়ী ঋণ আদায় কার্যক্রম আরও জোরদার, রিটেইল ব্যাংকিংয়ের পরিধি সম্প্রসারণ এবং স্থিতিশীল ও স্বল্পমূল্যের আমানতের ভিত্তি শক্তিশালী করার ওপর ব্যাংক বিশেষ গুরুত্ব দিয়েছে।

সাউথইস্ট ব্যাংকের লক্ষ্য ও কৌশলগত উদ্দেশ্য অর্জনে আন্তরিকতা, উদ্ভাবনী চিন্তা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।