পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) একটি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। রবিবার (৩০ আগস্ট) এ আয়োজনে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তার অবদান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শ মানবতার জন্য চিরন্তন পথনির্দেশনা, যা আমাদের নৈতিকতা, সহমর্মিতা ও শান্তির পথে পরিচালিত করে।
অনুষ্ঠানে মূল আলোচনা করেন ইউল্যাবের সহযোগী অধ্যাপক (স্কুল অব বিজনেস) কাজী মোহাম্মদ তারেক। তিনি বলেন, মহানবী (সা.) এর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, মানবিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
আলোচনা পর্ব শেষে দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, বিশ্বশান্তি এবং ইউল্যাব পরিবারের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে ইউল্যাবের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।