দেশব্যাপী বইপড়া কর্মসূচিতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারত্বের ১২ বছর পূর্তি হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে ৩২ লাখের বেশি শিক্ষার্থী ও পাঠক উপকৃত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক প্রীতি সম্মেলনে ভিডিও বার্তায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বিকাশের দেওয়া ৪ লাখ বই দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে।
তিনি বলেন, ‘বিকাশ যদি এই অর্থটা অন্য জায়গায় বিনিয়োগ করতো, তাহলে হয়তো ব্যবসায়িকভাবে একটু লাভবান হতো। কিন্তু সেটা না করে এখানে করাতে বিকাশ লাভবান হয়েছে কিনা জানি না, কিন্তু জাতি লাভবান হয়েছে।’
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মোবাইল ও মাদকের আসক্তি থেকে নতুন প্রজন্মকে বের করে আনতে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান।
এ সময় বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি শিক্ষা ও জ্ঞানচর্চা—এই বিশ্বাস থেকেই গত ১২ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে বিকাশ।
২০১৪ সাল থেকে এই অংশীদারত্বের মাধ্যমে বিকাশের সহায়তায় বিতরণ করা বই প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।