বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর শীর্ষ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক।
সোমবার (৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমার নেতৃত্বে প্রতিনিধিদলে প্রতিষ্ঠানটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ছিলেন। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা দলের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বৈঠকে সিটি ব্যাংক ও আইটিএফসির মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়। রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে আন্তঃ-ওআইসি বাণিজ্য লেনদেন সম্প্রসারণসহ আরও সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
সিটি ব্যাংক জানায়, ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে তাদের শক্তিশালী ও ফলপ্রসূ সম্পর্ক রয়েছে। বর্তমানে আইটিএফসির সঙ্গে ব্যাংকটির ৪ কোটি মার্কিন ডলারের একটি মুরাবাহা অর্থায়ন সুবিধা চালু আছে। এর মধ্যে ১ কোটি মার্কিন ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। এই অর্থায়ন সুবিধা ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমকে সহায়তা করছে এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখছে।
সিটি ব্যাংকের মতে, উচ্চপর্যায়ের এ বৈঠক শরিয়াহ-সম্মত বাণিজ্য অর্থায়ন সমাধান সম্প্রসারণ, বাংলাদেশের প্রধান বাণিজ্য খাতগুলোকে সহায়তা, আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ জোরদার এবং দেশের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।