রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের স্কিমে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক

দেশের রফতানি খাতে বৈচিত্র্য আনা এবং প্রথাগত পণ্যের বাইরে নতুন সম্ভাবনাময় খাতের বিকাশে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিমে’ (ইডিআরএস) যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক।

এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পার্টিসিপেটিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (পিএফআই) চুক্তি করেছে ব্যাংকটি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট চালু করা এই তহবিলের লক্ষ্য রফতানি নীতি ২০২৪-২০২৭-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনা। বিশেষ করে যেসব খাতে দেশীয় বা স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়, সেসব খাতকে এই তহবিলের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া নির্দিষ্ট কিছু বাজারের ওপর নির্ভরতা কমিয়ে আন্তর্জাতিক বাজারে নতুন ও সম্ভাবনাময় খাতগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোও এই স্কিমের অন্যতম উদ্দেশ্য।

স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্র্যাক ব্যাংক রফতানিমুখী ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে তিন বছর মেয়াদে অর্থায়ন করতে পারবে। এই মেয়াদের মধ্যে ছয় মাসের গ্রেস পিরিয়ড থাকবে।

গত ১ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে ব্যাংকটি রফতানিকারকদের সহজ শর্তে ও কম খরচে অর্থায়ন করতে পারবে।

তিনি বলেন, এর মাধ্যমে রফতানিকারকরা প্রথাগত পণ্যের বাইরে নতুন পণ্যের জন্য আন্তর্জাতিক বাজার তৈরি করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক রফতানি খাত আরও সমৃদ্ধ হবে।

তারেক রেফাত উল্লাহ খান বলেন, রফতানি বহুমুখীকরণে সহায়তার মাধ্যমে এই স্কিম দেশের অর্থনৈতিক সহনশীলতা জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে যোগ্য রফতানিকারকদের ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এই সুবিধা নেওয়ার আহ্বানও জানান তিনি।