বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার

বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন একটি শোরুমও উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি।

বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক-বি এর ২০ ও ৩০ নম্বর দোকানে শোরুম ও সার্ভিস সেন্টারটি চালু করা হয়েছে। এর মাধ্যমে সনি ক্যামেরা ও সংশ্লিষ্ট গিয়ারের স্থানীয়ভাবে অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা পাবেন গ্রাহকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সনি কর্পোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে সেন্টারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে এফএসআইয়ের জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিং (সিঙ্গাপুর)-এর মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং উপস্থিত ছিলেন।

সনি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারের সংখ্যা বাড়ছে। তাদের দ্রুত ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার লক্ষ্যেই সার্ভিস সেন্টারটি চালু করা হয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে ক্যামেরা বা গিয়ারের সমস্যার কারণে কাজের শিডিউল ও আর্থিক ক্ষতি কমাতে এ সুবিধা কাজে আসবে।

সার্ভিস সেন্টারটিতে সনির আলফা ক্যামেরা সিস্টেম ও জি মাস্টার লেন্স সিরিজের মেরামত ও কারিগরি সেবা পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকদের অনুমোদিত ডিলারের কাছ থেকে সনির অফিশিয়াল পণ্য কেনার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। ১৮ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি স্টিকার দেখে জেনুইন সনি পণ্য শনাক্ত করা যাবে বলে জানানো হয়েছে।

সনি জানিয়েছে, আগামী মাসগুলোতে দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং স্টুডিওগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

নতুন শোরুম ও সার্ভিস সেন্টারটি মঙ্গলবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।