ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেবে নগদ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’-এর সঙ্গে তৃতীয়বারের মতো যুক্ত হয়েছে মোবাইল আর্থিক সেবা নগদ। এবারের পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দেয় নগদ ও ডিআরইউ।

নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশন-রেডিও; দুই বিভাগে মোট ২৬টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে সব গণমাধ্যমের জন্য উন্মুক্ত সেরা রিপোর্টের দুটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির পক্ষ থেকে। জমা পড়া প্রতিবেদন থেকে যাচাই-বাছাই করে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।

ডিআরইউর সদস্যদের ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডের জন্য জমা দিতে হবে। রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ ১৪ অক্টোবর ২০২৬।

সংবাদ সম্মেলনে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাব সাংবাদিকতার ওপর পড়েছে।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনে ডিআরইউর অংশীদার ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এ বছরসহ মোট তিনটি অ্যাওয়ার্ড আয়োজনে ডিআরইউর সঙ্গে কাজ করেছে নগদ।

নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া বলেন, দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এ ধরনের আয়োজনের সঙ্গে থাকতে পেরে তারা আনন্দিত।

তিনি বলেন, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা এবং নিয়ম-নীতির বিষয়ে রাষ্ট্রের একটি চোখ হিসেবে সাংবাদিকেরা কাজ করেন। আরও ভালো ও সমৃদ্ধ সাংবাদিকতাকে উৎসাহিত করতে এবারও তারা এ পুরস্কারের সঙ্গে যুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিমসহ ডিআরইউর কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্য এবং নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগদ প্রথমবার ২০২১ সালে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০২৫ সালে এবং এবার ২০২৬ সালে তৃতীয়বারের মতো এ পুরস্কার আয়োজনে যুক্ত হলো প্রতিষ্ঠানটি।