ইউল্যাবে এইচআর সামিট, চাকরির বাজারে এআইয়ের প্রভাব নিয়ে আলোচনা

পরিবর্তনশীল চাকরির বাজারে শিক্ষার্থীদের প্রস্তুতি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে আলোচনার মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) অনুষ্ঠিত হয়েছে এইচআর সামিট ২০২৬।

শুক্রবার (১৬ অক্টোবর) মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ইউল্যাব স্কুল অব বিজনেস। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস অফিস এতে সহযোগিতা করে। সম্মেলনে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধান, শিল্পখাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন।

সম্মেলনে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা উদ্বোধনী বক্তব্য দেন। পরে ‘বাংলাদেশের চাকরির বাজারে এআই বিপ্লবের ফলে পরিবর্তিত শিল্প ও কর্মপরিবেশের সঙ্গে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও পেশাজীবীরা কীভাবে নিজেদের প্রস্তুত করবেন’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন আরএকে-এর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ রিয়াদ হোসেন, নগদের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আনুব্বাব রহমান এবং রেনাটা পিএলসির এইচআর শেয়ার্ড সার্ভিস ম্যানেজার জানশের আল সাবাহ খান। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ব্লু কাইট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আবু নাসের আমিন উল্লাহ।

আলোচনায় পরিবর্তনশীল কর্মবাজারের চাহিদা, নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনা, পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের নতুন প্রবণতা উঠে আসে। এ সময় শিক্ষার্থীরা করপোরেট খাতের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

অনুষ্ঠানে ইউল্যাব স্কুল অব বিজনেসের বিবিএ প্রোগ্রামের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. এ এফ ওয়াজির আহমদ শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন। একই স্কুলের গ্র্যাজুয়েট বিজনেস প্রোগ্রামের পরিচালক ও সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ তৌহিদ রিয়াজ ধারাবাহিক শেখা, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন এবং করপোরেট খাতের সঙ্গে সম্পৃক্ততার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সম্মেলনের অংশ হিসেবে ‘প্রফেশনাল সিভি কম্পিটিশন–২০২৬’ আয়োজন করা হয়। এতে সিভি প্রতিযোগিতা, সেরা সিভি নির্বাচন এবং সিভি তৈরির কৌশল নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা তিনটি সিভির জন্য পুরস্কার ও সনদ এবং সেরা ১০টি সিভির জন্য ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স’ দেওয়া হয়।

দারাজের এইচআর ম্যানেজার ফাহাম কবির ‘সিভি তৈরি ও ক্যারিয়ার উন্নয়নে এআইয়ের ব্যবহার’ শীর্ষক সেশনে বক্তব্য দেন। এ ছাড়া বিডিজবস ডটকমের ক্যারিয়ার ইনসাইটস সেশনে ক্যারিয়ার পরিকল্পনা, সিভি উন্নয়ন, চাকরি খোঁজার কৌশল ও নিয়োগপ্রক্রিয়ার সাম্প্রতিক প্রবণতা নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের মতে, কর্মজীবনে সফল হতে একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, প্রযুক্তিগত সক্ষমতা ও পেশাগত নৈতিকতা প্রয়োজন। এআইয়ের বিকাশে চাকরির বাজারে পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।