কিস্তিতে পণ্য কিনলে জরুরি প্রয়োজনে নগদ টাকা ‘ধার’ দেবে ওয়ালটন

কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ধারীরা সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ অর্থ ধার হিসেবে নগদে তুলতে পারবেন। গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হয়েছে।

ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, গ্রাহক দেশের যে প্লাজা থেকেই পণ্য কিনুন না কেন, জরুরি প্রয়োজনে যেকোনো ওয়ালটন প্লাজা থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। ফলে পণ্য কেনার নির্দিষ্ট প্লাজায় যাওয়ার প্রয়োজন হবে না।

প্রতিষ্ঠানটির দাবি, কিস্তি ক্রেতাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং জরুরি প্রয়োজনে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওয়ালটন প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় কিস্তি চলমান অবস্থায় সুরক্ষা কার্ডধারী ক্রেতার মৃত্যু হলে তার পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে সহায়তার পরিমাণ ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ক্রেতার মৃত্যুর ক্ষেত্রে পণ্যের বকেয়া কিস্তি মওকুফ এবং পরিবারের যোগ্য সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করে প্রতিষ্ঠানটি।

সুরক্ষা কার্ডধারীরা চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ, কেনাকাটা ও বিনোদনেও বিশেষ সুবিধা পান। এ জন্য দেশের আট বিভাগে ৫ হাজারের বেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে ওয়ালটন প্লাজার। পাশাপাশি গ্রাহক ও তাদের পরিবারের জন্য টেলিমেডিসিন, হাসপাতালে ভর্তি, যাতায়াত এবং রক্তের ব্যবস্থা করার মতো সেবাও দেওয়া হচ্ছে।

ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, গ্রাহকদের মানসম্পন্ন পণ্য সরবরাহের পাশাপাশি তাদের বাড়তি সুবিধা নিশ্চিত করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যেই সুরক্ষানীতির আওতায় বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে।