সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের যৌথ স্বাস্থ্যসেবা কার্ড চালু

সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও ক্লিনিকল লিমিটেড যৌথভাবে কো-ব্র্যান্ডেড হেলথকেয়ার কার্ড চালু করেছে। ভিসা কার্ডের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকিং সুবিধার পাশাপাশি ডিজিটাল স্বাস্থ্যসেবা নিতে পারবেন।

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডটির উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং ক্লিনিকলের চেয়ারম্যান মালিক তালহা ইসমাইল বারী।

কার্ডধারীরা অংশীদার হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কার্ড প্রদর্শন করে নির্ধারিত সুবিধা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা বিনামূল্যে ও সীমাহীন অডিও-ভিডিও কলে চিকিৎসকের পরামর্শ, হাসপাতালের বিল ও চিকিৎসকের পরামর্শ গ্রহণে ক্যাশব্যাক এবং বীমা সুবিধা।

এ ছাড়া দেশব্যাপী ৩০০টির বেশি অংশীদার হাসপাতালে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন কার্ডধারীরা। এসব সুবিধা প্রযোজ্য শর্ত অনুযায়ী দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং ক্লিনিকলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা পারভেজ আহমেদসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।