তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত

তরুণ প্রজন্মের গণমাধ্যম ও সাংবাদিকতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাস্তব কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা দিতে বিশেষ জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গণযোগাযোগ অধিদপ্তরে এ সেমিনারের আয়োজন করে ‘আমরা নারী’ সংগঠন। সংগঠনটির উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা।

এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সংযোগ তৈরি এবং গণযোগাযোগ ও সরকারি প্রচার কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেওয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক এস এম আবদুর রহমান। পরে সমাপনী পর্বে তিনি শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। 

তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করা এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে ভূমিকা রাখবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। জ্ঞান বিনিময় পর্বে বক্তব্য দেন অধিদফতরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) সৈয়দ এ মোমেন। এ সময় তারা অধিদফতরের কার্যক্রম, সরকারি প্রচার, জনসচেতনতা সৃষ্টি, কারিগরি সক্ষমতা ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

একাডেমিক দৃষ্টিকোণ থেকে বক্তব্য দেন ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক সুমাইয়া জাহিদ। তিনি সাংবাদিকতা শিক্ষায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন।

আয়োজক সংগঠন ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান (বিপ্লব) বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক, দক্ষ পেশাজীবী এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা সম্ভব।