কর্মকর্তা-কর্মচারীদের ৬৬ মেধাবী সন্তানকে সম্মাননা দিলো সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের ৬৬ জন মেধাবী সন্তানকে সম্মাননা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ও-লেভেল পরীক্ষায় কমপক্ষে ছয়টি বিষয়ে ‘এ’ গ্রেড অর্জন করায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে ব্যাংকের উদ্যোগে বিশেষ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী তুলে দেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান।

অনুষ্ঠানে এম এ কাশেম বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। স্বপ্ন দেখার এবং সাফল্য অর্জনের কোনও নির্দিষ্ট সীমা নেই। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায় নিয়ে এগিয়ে গেলে জীবনের যেকোনও উচ্চতায় পৌঁছানো সম্ভব। শিক্ষার্থীদের বর্তমান অর্জন ভবিষ্যতের আরও বড় সাফল্যের সোপান হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পরিবার ও প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। সাউথইস্ট ব্যাংক সব সময় মেধা, প্রতিভা ও সাফল্যের স্বীকৃতি দিতে গর্ববোধ করে। ভবিষ্যতেও তরুণ প্রজন্মের সম্ভাবনাকে উৎসাহিত করতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান রেহানা রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকার পাশাপাশি শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।