বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে এ প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ এক চিঠির মাধ্যমে ইউল্যাবকে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে।
অনুমোদনের পর নতুন এ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়। এর ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, বৈশ্বিক শাসনব্যবস্থা, আন্তর্জাতিক নিরাপত্তা, ভূরাজনীতি ও সমসাময়িক বৈশ্বিক বিষয়াবলি নিয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন।
নতুন বিভাগ চালুর অনুমোদন প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তূজা বলেন, ‘এই প্রোগ্রামটি বাস্তবায়নে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আমরা বোর্ড অব ট্রাস্টিজের প্রতি কৃতজ্ঞ। নতুন এই বিভাগ ইউল্যাবের বহুমাত্রিক শিক্ষার পরিসর আরও বিস্তৃত করবে এবং পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করবে।’
তিনি বলেন, এ প্রোগ্রামে বৈশ্বিক বিষয়াবলি, বাণিজ্য আলোচনা, কূটনীতি, নিরাপত্তা, এআই ও নজরদারি, জলবায়ু রাজনীতি এবং আন্তর্জাতিক শাসনব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
উপাচার্য আশা প্রকাশ করে বলেন, এ প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘ডিসকভার, ডেভেলপ, ডেমনস্ট্রেট অ্যান্ড ডিস্টিংগুইশ’—এই চারটি মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ ও বিশ্বে ইতিবাচক অবদান রাখবেন।