হেপাটাইটিস শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন

বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনও রোগ শনাক্তকরণের বাইরে রয়েছেন। এ বিষয়ে সচেতনতা বাড়ানো এবং আধুনিক রোগনির্ণয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে একটি ধারাবাহিক চিকিৎসা শিক্ষা (সিএমই) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাবট। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘বাংলাদেশে হেপাটাইটিস নির্ণয়ের মানোন্নয়ন: বর্তমান চ্যালেঞ্জ থেকে পরবর্তী প্রজন্মের সমাধান’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট ২০২৪ অনুযায়ী, ২০২২ সালে বাংলাদেশে প্রায় ৮৩ লাখ মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত ছিলেন; যা রোগ শনাক্তকরণ ও স্ক্রিনিং ব্যবস্থার উন্নয়নের জরুরি প্রয়োজনীয়তাকে তুলে ধরে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান রশীদ নির্ভরযোগ্য ডায়াগনস্টিক প্রযুক্তির সহজলভ্যতা এবং দেশের স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

বৈজ্ঞানিক আলোচনা পর্বে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের ভাইরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরিফা আকরাম বাংলাদেশের হেপাটাইটিস পরিস্থিতি ও রোগ নির্ণয়ের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। অ্যাবটের ডিস্ট্রিবিউশন অপারেশান্স ম্যানেজার চান্দ্রেশ মাদানী, অ্যাবটের ইনফেকশাস ডিসিজ ও ইমিউনোলজির অ্যাসোসিয়েট ডিরেক্টর পঙ্কজ বিশ্বকর্মা ও ডা. হুসাইন আলী রোগ নির্ণয়ের নির্ভুলতা, সমন্বিত স্ক্রিনিং এবং আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে অ্যাবটের স্বয়ংক্রিয় ইমিউনোঅ্যাসে বিশ্লেষক যন্ত্র ‘অ্যালিনিটি আই’ এবং ‘এইচবিএসএজি নেক্সট’ ও ‘অ্যান্টি-এইচসিভি নেক্সট’ পরীক্ষা পদ্ধতির সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দিন জিয়া উন্নত প্রযুক্তি, কারিগরি সহযোগিতা ও পেশাগত জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের ডায়াগনস্টিক সক্ষমতা বৃদ্ধিতে মেডিপ্যাকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রযুক্তিকে দেশের স্থানীয় চাহিদার সঙ্গে সংযুক্ত করে বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মেডিপ্যাক এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।