এআইইউবির জব ফেয়ারে অংশ নিল ১৩০টির বেশি প্রতিষ্ঠান

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ মেলায় ২৯টি খাতের ১৩০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়।

জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এতে ব্যাংকিং ও আর্থিক সেবা, তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার, শিক্ষা, কনসালটিং, নির্মাণ, আবাসন, উৎপাদন, ওষুধশিল্প, টেলিযোগাযোগ, ই-কমার্স, স্বাস্থ্যসেবা, গণমাধ্যম, লজিস্টিকস, বস্ত্র ও তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নেয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এসিআই পিএলসি, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আরএফএল গ্রুপ, ব্র্যাক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, বিকাশ, নগদ, ক্রাউন সিমেন্ট, নেসলে বাংলাদেশ, রেনেটা, পপুলার ফার্মাসিউটিক্যালস, এপেক্স ফুটওয়্যার, মালয়েশিয়ান এয়ারলাইন্স ও দ্য ওয়েস্টিন ঢাকা। এ ছাড়া এআইইউবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানও মেলায় অংশ নেয়।

মেলায় চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পান। এ আয়োজনের মাধ্যমে চাকরির সুযোগ সম্পর্কে জানা, ক্যারিয়ার পরিকল্পনা এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ পান শিক্ষার্থীরা।

এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। মেলায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন-ইন-চার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের পরিচালক মো. জাভেদ তারিক।

এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এতে অংশ নেন।