দুই দিনের ম্যাচের জন্য প্রস্তুত এম এ আজিজ স্টেডিয়াম

প্রস্তুত এম এ আজিজ স্টেডিয়ামবাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ইংলিশরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। দুটি প্রস্তুতি ম্যাচই হবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। ১৪ থেকে ১৫ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচটিতে অংশ নেবে সফরকারীরা।

বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচ শুরুর আগে বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বৃষ্টি কোনও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু ওইদিন ম্যাচ শেষ হওয়ার পর ঘণ্টা খানেকের মধ্যেই চট্টগ্রামের আবহাওয়া আবারও পাল্টে যেতে থাকে। শুরু হয় বৃষ্টি। যা অব্যাহত ছিল আজ বেলা ১২টা পর্যন্ত। তবে এরপর দুপুর থেকেই চট্টগ্রামের আকাশ মেঘমুক্ত।

জহুর আহমেদ স্টেডিয়ামের পর এবার দীর্ঘদিন বাদে এম এ আজিজে ক্রিকেট ফিরছে। সেই লক্ষ্যে দুটি প্রস্তুতি ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত এই স্টেডিয়াম।

এম এ আজিজ স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার রুবেল দুপুরে মুঠোফোনে জানালেন, ‘কিছুদিন আগে এখানে ফুটবল ম্যাচ হয়েছিল। তখন উইকেটগুলোকে আমরা সংরক্ষণ করে রেখেছিলাম। উইকেটের কোনও ক্ষতি হয়নি। মাঠ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। এখানে মোট তিনটি উইকেট। ম্যাচর জন্য দুটি উইকেটে প্রস্তুত করা হয়েছে। এখানে দুটি প্রস্তুতি ম্যাচ হবে। ড্রেসিং রুম, হসপিটালিটি বক্স, প্রেস বক্স সব ধুয়ে-মুছে প্রস্তুত রাখা হয়েছে।’

তবে বৃষ্টি হলে প্রস্তুতি ম্যাচটি হচ্ছে না-এটা এক প্রকার নিশ্চিত। কেননা জহুর আহমেদের মতো এখানকার পানি নিষ্কাশন ব্যবস্থা ততটা উন্নত নয়। এখানে বৃষ্টি থামলে কমপক্ষে দুই ঘণ্টায় মাঠ খেলার উপযোগী হয়।

/আরআই/এফআইআর/