সর্বশেষ ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ঘোষিত প্রাথমিক দলেও ছিলেন শাহরিয়ার নাফিস। যদিও শেষ পর্যন্ত মূল স্কোয়াডে ফিরতে পারেননি।
জাতীয় দলে ঢুকতে কতটা কতটা প্রস্তুত, সেটা বিপিএলের চলতি আসরে বেশ ভালো ভাবেই জানান দিচ্ছেন শাহরিয়ার নাফিস। বরিশালের হয়ে চার ম্যাচ খেলে তিনটি হাফসেঞ্চুরিতে টুর্নামেন্টের সেরা সংগ্রহ এখন নাফিসের।
সোমবার চিটাগংয়ের বিপক্ষে এতটাই ভালো খেলেছেন নাফিস, তাতে আগের দুটি ইনিংসের কথা বেমুলাম ভুলে যাওয়ার মতো অবস্থা! এদিন তার বিস্ফোরক ব্যাটিংয়েই মূলত বরিশাল ৭ উইকেটে জয় লাভ করে। নাফিস ৫৯ বলে ৭ চার ও এক ছয়ে ৬৫ রানের স্কোর গড়েন।
নাফিসের এমন ব্যাটিংয়ে মুগ্ধতা ঝরেছে প্রতিপক্ষ অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে, ‘আমি তার (নাফিস) শেষ ইনিংসটা মাঠে বসে দেখেছিলাম, প্রথম ইনিংসটাও টিভিতে দেখেছি। বলতে পারেন যে এই মুহূর্তে বিপিএলে সবচেয়ে ভালো ব্যাটিং করছেন তিনি। আমার কাছে মনে হয়, টি-টোয়েন্টি ফরম্যাটে রান করার জন্য উনি অনেক কাজ করেছেন এবং তিনি সফলতাও পাচ্ছেন। আমি তার ব্যাটিং খুব উপভোগ করছি। যেই শটসগুলা আগে খেলতেন না, এখন সেগুলোও খেলছেন।’
শুধু তামিম নয়, ম্যাচ শেষে নাফিসের অধিনায়ক মুশফিকও প্রশংসা করেছেন, ‘নাফিস অসাধারণ খেলেছে। টি-টোয়েন্টিতে খুবই গুরুত্বপূর্ণ সেরা চারে যারা থাকবে তাদের একটা বড় ইনিংস খেলতে হয়। সেদিক থেকে আমি বলবো সে শেষ চারটা ম্যাচ খুবই ভালো ব্যাটিং করেছে।’
/আরআই/