দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন গাপটিল

দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন গাপটিল চ্যাপেল-হ্যাডলি ট্রফির উদ্বোধনী ম্যাচে জিতে ফুরফুরেই ছিল স্বাগতিক নিউজিল্যান্ড। সেই কিউইদের সামনেই বড় ধাক্কা হয়ে এলো মার্টিন গাপটিলের ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে নেপিয়ারে দ্বিতীয় ওয়ানডেতে থাকা হচ্ছে না ডানহাতি ওপেনারের।

কোচ মাইক হেসন জানিয়েছেন, ঝুঁকি যাতে না হয় সে কথা মাথায় রেখেই দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে গাপটিলকে। তার জায়গায় ডাক পেয়েছেন ডিন ব্রাউনলি।

তার চোট প্রসঙ্গে কোচ হেসন বলেছেন, ‘ডান হ্যামস্ট্রিংয়ে ও টান অনুভব করছে। ২৪ ঘণ্টা দেখার পর বোঝাই গেছে নেপিয়ারে সে খেলার পুরোপুরি ফিটনেস পাচ্ছে না। দ্বিতীয় ওয়ানডে না খেললেও গাপটিল দলের সঙ্গেই থাকবে। তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পরেই হ্যামিল্টন ওয়ানডেতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।’          

অনেক আগে থেকেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন গাপটিল। একই কারণে জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতেও খেলা হয়নি। এর আগে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রান নিতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান। সেই চোটে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান।

প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ রানের জয়ে দুর্দান্ত খেলেন ওপেনার গাপটিল। ৭৩ বলে করেন ৬১ রান। তার ব্যাটে ভর করেই ২৮৬ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।  

/এফআইআর/