১৮৩ রান তাড়া করে জয় পাওয়া নাইট রাইডার্স একটা রেকর্ডেরও অংশীদার এখন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোনও উইকেট না হারিয়ে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটাই।
অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তেমন সুবিধা করতে পারেননি লিন। একটি ওয়ানডে খেলে ১৬ আর পাঁচটি টি-টোয়েন্টিতে সর্বমোট ৬৫ রানকে আর যা-ই হোক, ভালো পারফরম্যান্স বলা যাবে না। কিন্তু জাতীয় দলের হতাশা ঝেড়ে ফেলে এবারের আইপিএলের শুরুতেই ঝড় তুললেন লিন। আর সেই ঝড়ে গুজরাট লায়ন্স একেবারে বিধ্বস্ত।
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ওই অসাধারণ উদ্বোধনী জুটিতে লিনকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর। তবে কলকাতার ইনিংসে পাদপ্রদীপের আলো ছিল লিনকে ঘিরে। মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছানো লিনের প্রথম ৫০ রানের ৪৬-ই এসেছে চার-ছক্কায়। ইনিংসের সপ্তম ওভারে ডোয়াইন স্মিথ তো স্রেফ উড়ে গেছেন তার ব্যাটের দাপটে। ওই ওভারে তিনটি ছক্কা ও একটি চারে তিনি তুলে নিয়েছেন ২৩ রান।
৮টি ছক্কা ও ৬টি চার সমৃদ্ধ ঝড়ো ইনিংস খেলে একই সঙ্গে তৃপ্ত ও আনন্দিত লিন। খেলা শেষে তিনি বলেছেন, ‘আমরা জানতাম যে আমাদের ভালো সূচনার খুব দরকার। আর আমরা সেটাই করেছি। আসলে প্রথম ছয় ওভারেই আমরা ওদের চাপে ফেলে দিয়েছি, আর তারপর গতিটা ধরে রেখেছি।’
অন্যপ্রান্তে গম্ভীর ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকায় সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ‘ম্যাজিক ফিগার’ ছুঁতে পারেননি লিন। তবে তা নিয়ে তেমন আক্ষেপ নেই তার মনে, ‘গৌতি (গম্ভীর) যেভাবে ব্যাটিং করেছে, তাতে সে কখনোই আমাকে সেঞ্চুরি করার সুযোগ দেয়নি বলা যায়। তবে এই অপরাজিত ৯০কে (আসলে ৯৩) আমি সেঞ্চুরির ওপরেই রাখবো। কারণ প্রত্যেকের মতো আমার কাছেও দলই সবার আগে।’ সূত্র-ক্রিকইনফো
এএআর/