ম্যাচের তিনটি ক্যাচই ধরতে পারতো শ্রীলঙ্কা। মিড অনে সরফরাজ আহমেদের ক্যাচ ড্রপ করেছেন থিসারা। তখন সরফরাজ ব্যাট করছিলেন ৩৮ রানে। আর এই ক্যাচ মিসই ভুগিয়েছে লঙ্কানদের। শেষ পর্যন্ত ৬১ রানে অপরাজিত থেকে মোহাম্মদ আমিরের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে দলকে জয় পাইয়ে দেন পাকিস্তান অধিনায়ক। তাই এমন পারফরম্যান্সে হতাশা ঝরেছে লঙ্কান অধিনায়কের কণ্ঠে, ‘ছেলেরা কিন্তু অনেক পরিশ্রম করেছে। আজকে আমরা তিনটি ক্যাচ মিস করেছি। তারপরেও আমাদের ফিল্ডিংয়ে অনেক প্রচেষ্টা ছিল। ছেলেরা অনেক শক্তি ঢেলেই শেষ পর্যন্ত পারফর্ম করেছে।’
শ্রীলঙ্কার হয়ে অনেক সুযোগ তৈরি করেছেন পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় সেই সুযোগগুলো লুফে নিতে পারেনি শ্রীলঙ্কা। আর এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন লঙ্কান অধিনায়ক, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের অনেক বড় একজন সেবক তিনি। আজকে তার অসাধারণ নৈপুণ্য ছিল। কিন্তু দুর্ভাগ্য যে আমরা আজকে অনেক ক্যাচ মিস করেছি।'
যেই লক্ষ্য ছিল তা থেকে ৩০-৪০ রান কম ছিল বলেই মনে করেন ম্যাথুস, ‘আমরা আসলে ৩০ থেকে ৪০ রান কম করেছি। এছাড়া ফিল্ডিংটা দুর্ভাগ্যবশত আমাদের ডুবিয়েছে।’
/এফআইআর/