এদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় শেখ জামাল। ৮ মিনিটে এনামুল হকের কর্নার থেকে গাম্বিয়ান মামুদুর হেডে এগিয়ে যায় তারা। ২০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করার সুযোগ পান শেখ জামালের রাফায়েল ওডউইন। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি।
১ গোল হজম করে খেলায় ফিরতে মরিয়া হয়ে পড়ে শেখ রাসেল। আহত বাঘের মতোই হামলে পড়ে ৩৭ মিনিটে। খালেকুজ্জামান সবুজের দূরপাল্লার দর্শনীয় শটে সমতায় ফেরে শেখ রাসেল ক্রীড়া চক্র।
বিরতির পর এগিয়ে যাওয়ার আরও সুযোগ পেয়েছিল শেখ রাসেল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট করতে পারেননি। উল্টো দিকে সমতা থেকে এগিয়ে যাওয়ার খোঁজ করছিল শেখ জামাল। সেই ধারাতেই ম্যাচের শেষ দিকে অতিরিক্ত সময়ে গোলের সুযোগ আর হাতছাড়া করেননি শেখ জামালের সলোমন কিং। তার জয়সূচক গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জোসেফ আফুসির দল। এই জয়ের ফলে টানা ৩ ম্যাচে হাসলো শেখ জামাল। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে শেখ তারা।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে রহমতগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ। খেলতে নেমে ২৪ মিনিটে দলকে এগিয়ে নেন রহমতগঞ্জের উইঙ্গার মোহাম্মদ ইলিয়াস। প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো মাঠে নেমে দলকে জয় পাইয়ে দিয়েছেন এই ইলিয়াস। এতদিন চ্যাম্পিয়নশিপ লিগ খেলেই সুযোগ পেয়েছেন দেশের শীর্ষ লিগে। আর সেই আসরের প্রথম ম্যাচে নেমেই আলো কেড়ে নিলেন।
/এফআইআর/