সাকিবের ২২তম ফিফটি

সাকিবের ২২তম ফিফটিঅস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরেই ৫০তম টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আর সেই টেস্টেই ব্যাটিং বিপর্যয়ে প্রতিরোধের দেয়াল দিচ্ছেন অভিজ্ঞ দুই ক্রিকেটার। ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে নিচ্ছেন এরাই। ইতোমধ্যে ২২তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান।

 সাকিব-তামিমের ৯২ রানের জুটিতে ভর করেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১০২ রান। মধ্যাহ্ন ভোজের পর ৫০ রানে ব্যাট করছেন সাকিব আর তামিম ব্যাট করছেন ৩৬ রানে।  সাকিবের এই ইনিংসে ছিল ৭টি চারের মার।  প্রথম সেশনে ৩ উইকেট পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে বাংলাদেশ। এই সেশনেই ৮৬ রানের জুটি গড়েছেন সাকিব-তামিম।

 এর আগে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। যদিও আশা জাগানিয়া হয়নি। প্যাট কামিন্সের দ্বিতীয় ওভারে শুরুতে বাইরের বল খোঁচা মেরেছিলেন ওপেনার সৌম্য সরকার। গালিতে ক্যাচ ধরে তার সাজঘরে ফেরা নিশ্চিত করেন হ্যান্ডসকম্ব।

এরপর চতুর্থ ওভারে ফের আঘাত হানেন প্যাট কামিন্স। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন ইমরুল। ভারসাম্য না রাখাতে বটম এজ হয়ে ম্যাথু ওয়েডের গ্ল্যাভসবন্দী হন বামহাতি ব্যাটসম্যান।  হতাশার এখানেই শেষ নয়।  পরের বলে গ্ল্যাভসবন্দী হন সাব্বির রহমানও। যদিও আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি।  ব্যাট মাটিতে স্পর্শ করেছিল; সন্দেহ থাকায় রিভিউ নেন। কিন্তু টিভি আম্পায়ার আগের সিদ্ধান্তেই অটল থাকেন। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং কন্ডিশন দেখেই শুরুতে এই সিদ্ধান্ত নেন মুশফিক। একই কথা জানিয়েছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথও।