সিলেটে শুরুতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা যদিও খারাপ হয়নি। দুই ওপেনারে ভর করে আসে ৩৫ রান। ব্যক্তিগত ২০ রানে ওপেনার সাইফকে সাজঘরে ফেরান ইসুফ জাজাই। এরপর পিনাক ঘোষকে ২৩ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মুজিব। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও মাঝখান দিয়ে প্রতিরোধ দেওয়া থেকে বিরত থাকেনি স্বাগতিকরা। হাফসেঞ্চুরি করে ফেরেন তৌহিদ হৃদয়। তার সঙ্গে ছিলেন মাহমুদুল ইসলাম অঙ্কন। তিনি ফেরেন ৩৫ রানে। এরপর লেজের দিকে ভালো জুটি গড়েন কাজী অনিক ও রবিউল হক। কাজী অনিক ২৭ আর রবিউল ১৮ রানে ফিরলে ৯ উইকেটে ২২২ রানে থামে বাংলাদেশের ইনিংস।
এরপর খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে টিকতে পারেনি সফরকারীরা। ৭৭ রানে গুটিয়ে যায় তারা। ডাবল ফিগারে পৌঁছান মাত্র দুইজন। তারিক স্টানিকজাই ১৬ ও নাসির ওয়াহদাত ১০ রান করেন। বাংলাদেশের পক্ষে একাই ৮ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট নেন অনিক। ৩টি নেন নাইম হাসান। একটি করে নেন রবিউল হক ও মুনিরুল ইসলাম।