চান্ডিমালের ব্যাটে শ্রীলঙ্কার বড় সংগ্রহ

চান্ডিমালের ব্যাটে শ্রীলঙ্কার বড় সংগ্রহ অধিনায়ক দীনেশ চান্ডিমালের দারুণ শতকে ভর করে বড় সংগ্রহ গড়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে লঙ্কানদের সংগ্রহ ৪১৯ রান। চান্ডিমালের অপরাজিত ১৫৫ রানের ইনিংসে এই পুঁজি পায় শ্রীলঙ্কা। জবাবে বিনা উইকেটে ৬৪ রানে  দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান।

৪ উইকেটে ২২৭ রানে প্রথম দিন শেষ করেছিল লঙ্কানরা। আগের দিন ৪২ রানে ক্রিজে ছিলেন নিরোশান ডিকবেলা। তার সঙ্গে ৬২ রানে ছিলেন চান্ডিমাল। এদিন ৮৩ রানে ফিরে যান ডিকবেলা। তাকে বোল্ড করেন হাসান আলী। তবে একাই বুক চিতিয়ে লড়াই করেন লঙ্কান টেস্ট অধিনায়ক।

মোহাম্মদ আব্বাস লেজ ছেঁটে দিয়েছেন লঙ্কানদের। তৃতীয় সেশনে ৪ ওভারেই গুটিয়ে দেন প্রতিপক্ষকে। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন আব্বাস ও ইয়াসির শাহ। দুটি উইকেট হাসান আলীর।

জবাবে পাকিস্তানের দুই ওপেনার শান মাসুদ ৩০ এবং  সামি আসলাম ৩১ রানে ব্যাট করছেন।