টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতেই এর শুভেচ্ছাদূত হয়েছেন কুমার সাঙ্গাকারা, বিরেন্দর শেবাগ ও শহীদ আফ্রিদি। প্রথম আসরে ছয়টি দল নিয়ে হবে টি-টেন ক্রিকেট। এর মধ্যে চার দলের চার আইকন হিসেবে খেলতে দেখা যাবে ক্রিস গেইল, এয়োইন মরগান, মিসবাহ উল হক ও সাকিব আল হাসানকে।
২১-২৪ ডিসেম্বর ৬ দলের এই আসর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকেও একটি দল সেখানে যাবে বলে জানা গেছে। ওই সময় বাংলাদেশের কোনও ম্যাচ না থাকায় সাকিবের খেলার সম্ভাবনাই বেশি। তবে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হওয়ার আগে সাকিব যে খেলবেনই এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি তিনি। রেখে দিয়েছেন সংশয়, ‘এখন পর্যন্ত আমার এ ব্যাপারে তেমন কোনও ধারণা নেই। যখন সময় হবে, তখন ভাববো-যাবো কি যাবো না। তবে আইকন হিসেবে আছি এতটুকুই বলতে পারি!’
আইকন হিসেবে দলে থাকার বিষয়টি সাকিব যখন নিশ্চিত করেছেন, তখন নিশ্চিতভাবেই বলা যায় প্রথমবারের মতো টি-টেন লিগে খেলছেন!
প্রসঙ্গত, ১০ ওভার ফরম্যাটের এই লিগে ম্যাচের স্থায়িত্ব হবে মোট ৯০ মিনিট। জানা গেছে, এরই মধ্যে প্রথম আসরের ছয়টি দল চূড়ান্ত হয়ে গেছে। দলগুলো হলো পাঞ্জাবি লিজেন্ডস, পাখতুনস, মারাঠা এরাবিয়ান্স, বাংলা টাইগার্স, কলম্বো লায়ন্স ও কেরাল কিং।