রবিবার ব্লুমফন্টেইনে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। যাতে ইনিংসে হারের ব্যবধান দাঁড়ায় ২৫৪ রান। ফলে দুই দিন আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। সেই স্বাগতিক দলের অধিনায়কই জানালেন আশা করেছিলেন আরও প্রতিদ্বন্দ্বিতা, ‘গত এক দুই বছরে ওদের খেলা দেখলে দেখবেন ওরা কিন্তু ভালো মানের টেস্ট দল। তাই আমি আরও প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম। ওদের সিরিজ জেতার আশা হয়ত করিনি। কিন্তু মনে করেছিলাম কয়েক সেশন হয়তো ওরা আমাদের চাপে রাখবে। কারণ ওদের সেই দক্ষতা রয়েছে।’
শুধু ব্যাটিং নয়, বাংলাদেশের বোলিং বিভাগ নিয়েও বিশ্লেষণ করেন প্রোটিয়া অধিনায়ক। জানালেন প্রোটিয়া কন্ডিশনে পেস আক্রমণে কর্মক্ষতা কম ছিল বাংলাদেশের। কারণ এখানে যেই ধার প্রয়োজন সেটা ছিল না সফরকারী বোলারদের। একই সঙ্গে উচ্চতাকেও ত্রুটি হিসেবে দেখছেন তিনি , ‘বাংলাদেশের কিন্তু লম্বা বোলার নেই। এই কন্ডিশনে খেলতে হলে লম্বা বোলার প্রয়োজন। যারা প্রয়োজনে বাউন্স করাতে পারে। দক্ষিণ আফ্রিকা অথবা অস্ট্রেলিয়া যেখানেই খেলেন প্রয়োজন গতি ও বাউন্স।’