অভিজ্ঞ মাহবুব বিল্লাস ও মানস চৌধুরী ছিলেন পুরুষদের এককে ফেভারিট। তবে ফাইনালের আগে বাদ পড়ে যান এই দুই তারকা। তাদের দুজনকে টপকেই চ্যাম্পিয়ন হন জাভেদ। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ স্টেডিয়ামে এককের ফাইনালে জাভেদ ৪-২ সেটে হারিয়েছেন সেনাবাহিনীর রকিকে।
সোমবার রাতে ফাইনাল জিতে জাভেদ বাংলা ট্রিবিউনকে জানালেন নিজের অনুভূতির কথা, ‘প্রস্তুতি ভালো ছিল। সেমিফাইনালে মাহবুব ভাইকে হারানোর পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। ফাইনালও শেষপর্যন্ত জয় করা হল। তাই প্রথমবার জাতীয় আসরের সেরা হয়ে বেশ ভালো লাগছে।’
এই জয়ে এখানেই থেমে থাকতে চান না জাভেদ। তার লক্ষ্য আরও এগিয়ে যাওয়ার, ‘এখন আমাকে শিরোপা ধরে রাখতে হবে। এরজন্য সামনের আসরগুলোতে আরও পরিশ্রম করতে হবে। এর কোনও বিকল্প নেই।’