ভারত সফরে ফিরছেন ম্যাথুস

 

ভারত সফরে ফিরছেন ম্যাথুস চোটের কারণে সম্প্রতি দলের হয়ে খেলতে পারেননি শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তবে আসন্ন ভারত সফরে নিজেকে ফিট বলে ঘোষণা করেছেন সাবেক লঙ্কান অধিনায়ক। চলতি নভেম্বরে ভারত সফরে তার সঙ্গে আরও ফিরছেন কুশল পেরেরা ও আসেলা গুনারত্নে। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সফরে ওই তিনজনই ছিলেন না।  

ভারত সফরে শ্রীলঙ্কা তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। সেই সফরে ম্যাথুসের ফেরা প্রসঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানান, ‘অ্যাঞ্জেলো, কুশল দুজনেই চোট সারিয়ে ফিরেছেন। তাই ভারত সফরে তাদের বিবেচনা করা হবে।’

এদিকে নতুন কোচ খোঁজ করছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এ বছরের শেষ দিকে নতুন কোচের নাম ঘোষণা করার কথা। তবে নভেম্বরে ভারত সফরের আগে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।  গত জুনে গ্রাহাম ফোর্ড চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন নিক পথাস। সেই পথাসও শ্রীলঙ্কার কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। একই সঙ্গে আরও তিন-চারজন তাদের তালিকায় আছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডি সিলভা। তার মানে স্থায়ী কোচ ছাড়াই সামনের কঠিন সময়টা কাটাতে হচ্ছে শ্রীলঙ্কাকে।