ইনজুরিতে ফিন-মঈন

ইনজুরিতে ফিন-মঈনঅ্যাশেজ শুরুর আগে ধাক্কা খেলো ইংল্যান্ডের প্রস্তুতি! অনুশীলনে শারীরিকভাবে অস্বস্তি প্রকাশ করায় ইংল্যান্ড তারকা মঈন আলি ও স্টিভেন ফিনের স্ক্যান করানো হবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এই অবস্থায় পার্থে আসন্ন প্রস্তুতি ম্যাচে থাকতে পারছেন না এই দুই তারকা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে কয়েকদিন পরেই।

অনুশীলনে বাম হাঁটুতে চোট পান ফিন। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় আঘাত পেয়ে বাইরে চলে যান। অপরদিকে মঈন বাম দিকে ব্যথা অনুভব করেছিলেন। সেই ব্যথায় আর অনুশীলন করেননি। বেন স্টোকস না থাকায় এই অবস্থায় অলরাউন্ডার অপশনে বিপদেই পড়তে হবে ইংল্যান্ডকে। নতুন করে যাতে কেউ চোটে না পড়ে সেদিকে খেয়াল রাখাটাই যৌক্তিক ভাবছে তারা।

অবশ্য খেলা শুরুর আগে এখনও তিন সপ্তাহ বাকি। তাই মঈন ও ফিনের চোট নিয়ে শঙ্কা নেই বলে মনে করছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। মূলত সতর্কতা অবলম্বনে স্ক্যান করানো হচ্ছে ওই দুজনের।