ধোনির পাশে কোহলি

ধোনির সমালোচনার জবাব দিলেন কোহলি টি-টোয়েন্টি দলের সঙ্গে একেবারেই যাচ্ছেন না মহেন্দ্র সিং ধোনি। বুড়িয়ে গেছেন, একই সঙ্গে ফিটনেস নিয়েও কটূ কথা ছড়াচ্ছে বেশ কয়েক দিন ধরে। সমালোচনার বাণটা যা যখন এত তীব্র, তখন সেই ধোনির পাশেই ঢাল হয়ে দাঁড়ালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এসব সমালোচনায় খানিকটা ক্ষোভ প্রকাশ করেই তিনি বললেন, ‘প্রথমত আসলে বুঝতে পারছি না যে লোকজন কেন তাকেই দোষারোপ করছে। এসব বুঝবার ক্ষমতা আমার নেই।’

ধোনির ফিটনেসের সঙ্গে সবচেয়ে বড় সমালোচনা টি-টোয়েন্টিতে বল বাউন্ডারি ছাড়া করতে হিমশিম খাচ্ছেন তিনি। অথচ এসব করতেই পটু ভারতীয় সাবেক অধিনায়ক। বিশেষ করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফ্ল্যাট উইকেটে খেলেও স্ট্রাইক রেট বাড়িয়ে খেলতে পারেননি। যদিও এসবের পাল্টা জবাব মুখে তৈরি করে রেখেছেন তার সতীর্থ কোহলি।  নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি শেষে তিনি বলেন, ‘আমি যদি এখন তিনবার স্কোর করতে ব্যর্থ হই। আমার দিকে কেউ আঙুল তুলবে না। কারণ আমার বয়স কিন্তু ৩৫-এর উপরে নয়। এই মানুষটা পুরোপুরি ফিট। ফিটেনেসের সব পরীক্ষাতেই সে উত্তীর্ণ। এমনকি দলকে সব দিক দিয়েই সেবা দিয়ে আসছে। বিশেষ করে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা সিরিজে যদি দেখেন, তাহলে দেখবেন সেখানে সে সত্যিই ভালো করেছে।’

তাহলে কেন ধোনিকে লক্ষ্য বানানো? এমন প্রশ্ন তুলে এর সমালোচনাও করেন কোহলি, ‘হার্দিক কিন্তু একইভাবে আউট হচ্ছে। স্কোর করতে পারেনি। আমরা শুধুমাত্র ধোনিকে লক্ষ্য বানাচ্ছি। বিষয়টা অনৈতিক।’-ক্রিকইনফো।